দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের জাজিরায় ফসলি জমিতে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে নয়ন জমাদ্দার (৩০) নামে এক যুবকের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দারের বাড়ির পাশের একটি ফসলি জমিতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার তারামিয়া জমাদ্দারের ছেলে নয়ন জমাদ্দার (৩০), মজিদ জমাদ্দারের ছেলে আনোয়ার জমাদ্দার (৫০) এবং আনোয়ার জমাদ্দারের ছেলে আরমান জমাদ্দার (১৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে জমিতে ককটেল বিস্ফোরণে তাঁরা তিনজন আহত হন। স্থানীয়দের ধারণা, জমিতে ককটেল শুকানোর সময় অসাবধানতাবশত এ বিস্ফোরণ ঘটে। তবে আহতদের স্বজনদের দাবি, স্থানীয় বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে।
স্থানীয় কৃষক ছায়েদ জমাদ্দার বলেন, পাশের একটি ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁদের মধ্যে নয়নের অবস্থা গুরুতর ছিল। পরে তিনি শুনেছেন, তাঁদের ওপর বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে কারা বোমা নিক্ষেপ করেছে, তা তিনি নিজে দেখেননি।
এ বিষয়ে সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দার বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, তাঁরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
এমএস/